কাপ্তাইয়ে পিতার অভিযোগে শিশুকন্যার বাল্যবিবাহ বন্ধ : মাকে জরিমানা


রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ড মুরগির টিলা নামক এলাকায় পিতার অভিযোগে মেয়ের বাল্য বিবাহ বন্ধ করা হল। সেই সাথে মেয়ের মার নিকট হতে ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ মুচলেকা নেয়া হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৬টায় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র এ জরিমানা আদায় করেন।
অভিযোগে জানা যায়, অত্র এলাকার মৃত ফজলু মিয়ার স্ত্রী রুবি বেগম (৪৪) তার অপ্রাপ্ত বয়স্কা মেয়েকে টাকার লোভে ওমান প্রবাসী মানিক নামক এক ছেলের সাথে মোবাইলে বিবাহ দেয়ার জন্য সকল প্রস্তুতি নেন।
মেয়ের হাতে মেহেদীও পড়ানো হয়। কিন্তু বিবাহে বাঁধসাজে রুবি বেগমের সৎস্বামী মো. রানা। সে অপ্রাপ্ত মেয়েকে বাল্য বিবাহ দিবেন না। রুবির স্বামী কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও কাপ্তাই থানাসহ বিভিন্ন জায়গায় গিয়ে বিবাহ বন্ধ করার অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র ও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পান এবং মেয়ের মা স্বীকার করেন যে, তিনি বিবাহর প্রস্তুতি নিচ্ছিলেন। তবে এখন আর বিবাহ দেবেন না।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মেয়ের মা, ভাই, বোনের নিকট হতে মুচলেকা নেন এবং ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে না বলেও জানান। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

















