খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান


টানা ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা বাড়ছে পার্বত্য খাগড়াছড়িতে। এরই মধ্যে জেলা সদরের শালবনসহ কয়েকটি এলাকায় পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করেছে প্রশাসন। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে সরেজমিনে শালবন এলাকার পাহাড় ধসপ্রবণ স্থান পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সচেতন থাকার আহ্বান জানান।
“প্রাণ আগে, পরে সব কিছু,” এমন সতর্কবার্তা দিয়ে জেলা প্রশাসক বলেন, “ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা পরিবারগুলোকে অনুরোধ করছি, বৃষ্টির সময় দয়া করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যান। আমরা সেখানে খাবার, বিশুদ্ধ পানি ও থাকার পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি।”
পরিদর্শনের সময় আশ্রয়কেন্দ্রগুলোর প্রস্তুতিও ঘুরে দেখেন তিনি। জানা গেছে, প্রতিটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে শুকনো খাবার, শিশুদের জন্য দুধ, ওষুধ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। পাশাপাশি রয়েছে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়সহ রেডক্রিসেন্টে সদস্যরা উপস্থিত ছিলেন।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।

















