খাগড়াছড়িতে ২৮৮ ধর্মীয় প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদান বিতরণ

fec-image

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ইসলাম ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার সহায়তায় বিশেষ প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার মোট ২৮৮টি মসজিদ, এতিমখানা ও মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানকে এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং অসহায় এতিম শিশুদের কল্যাণে সহায়তা প্রদানই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহম্মেদ নিপু, জেলা পরিষদ সদস্য জয়া ত্রিপুরা, মাহবুব আলম, নিটোল মনি চাকমাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর মুসলিম সম্প্রদায়ের জন্য আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র সময়কে সামনে রেখে ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমদের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের সহায়তা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা আরও জোরদার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে একই দিন দুপুরে জেলা সদরের ভুয়াছড়ি ইউনিয়নে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও শাড়ি বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। ঈদকে ঘিরে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঈদকে সামনে রেখে জেলা পরিষদের এমন মানবিক উদ্যোগে উপকৃত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন