খাগড়াছড়িতে মহিলা দলের মিছিল ছত্রভঙ্গ, সিঙ্গিনালায় ১৫টি গাড়ি ভাংচুর


খাগড়াছড়িতে পুলিশের ধাওয়ায় মহিলা দলের মিছিল ছত্রভঙ্গ হয়ে গেছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি শহরের মসজিদ সড়কে মহিলা দলের উদ্যোগে অবরোধে সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি কিছু এগুলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে অবরোধ চলাকালে সকালে সিঙ্গিনালা এলাকায় বিএনপির পিকেটাররা ৫টি পাথর বোঝাই ট্রাক ও ১০টি সিএনজি ভাংচুর করে। এছাড়া সকাল থেকে খাগড়াছড়ি-আলুটিলায় যুবদল, রাঙামাটি সড়কের ঠাকুরছড়া স্বেচ্ছাসেবক দল, দীঘিনালা সড়কে ছাত্রদলের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে পিকেটিং করছে। কয়েকটি স্থানে পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও ছেড়ে যায়নি কোন বাস। চলাচল করছেনা অভ্যন্তরীণ সড়কের পরিবহন।গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।

















