খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মুল সড়কে উঠতে চাইলে আদালত সড়ক এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, মিথ্যা মামলায় কারাগারে আটক গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার। তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কৌশলে হত্যার ষড়যন্ত্র করছে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















