টেকনাফে ১৫৭ জনকে বিজিবির চিকিৎসা সেবা


টেকনাফে দমদমিয়া আলোর পাঠশালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’ উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীসহ ওই এলাকার ১৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এ মেডিকেল সেবা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফের দমদমিয়া বিওপি সংলগ্ন দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিএসএস-১০২৫২৯ মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত সর্বমোট ১৫৭ জন (পুরুষ-৪২, মহিলা-৬৩ এবং শিশু-৫২) গরীব, অসহায় ও দুস্থ স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইন চলাকালে ২ বিজিবি-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বিজিবির প্রতি তাদের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব সম্পর্কে অবহিত হন। তিনি সকলকে মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, এই অঞ্চলের স্থানীয় জনগণ বিজিবির এ মানবিক কার্যক্রমকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
সীমান্ত অঞ্চলে বিজিবির এ মহতী প্রয়াস স্থানীয় জনগণের জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটাতে এবং তাদের মাঝে বিজিবির প্রতি আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

















