টেকনাফে ২ লাখ পিস ইয়াবাসহ মহিলা আটক


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবাসহ আনোয়ারা বেগম (৪৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৫।
সোমবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ সদরের উত্তর ডেইলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মহিলা টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর ডেইলপাড়ার লেডু মিয়ার স্ত্রী।
র্যাব সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর ডেইলপাড়া এলাকায় লেডু মিয়ার বসত ঘরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালায়। পরে ঘটনাস্থলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টা করলে আনোয়ারা বেগম নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে বসত ঘর তল্লাশি করে খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে লুকায়িত অবস্থায় ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
আটক মহিলা মাদক ব্যবসায়ী জানায়, সে মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। মাদক চোরাচালানের সাথে জড়িত চক্রটি আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফে নিয়ে আসে এবং নিজেদের হেফাজতে মজুদ করে রাখে। পরবর্তীতে চক্রটি আর্থিকভাবে লাভবান হওয়ার লক্ষ্যে অত্যন্ত চতুরতার সাথে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।
ধৃত মহিলা র্যাবের আভিযানিক দলের নিকট মাদক চোরাচালান চক্রের মূলহোতার নাম ও ঠিকানা প্রকাশ করে। সেই তথ্যের প্রেক্ষিতে মাদক চোরাচালানের সাথে জড়িত চক্রটির মূলহোতা ও অন্যান্য সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মহিলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

















