দীঘিনালায় ইউপিডিএফের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি :
খাগড়াছড়িস্থ কমলছড়ির সুবিতা চাকমার (৩২) ধর্ষণ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে জেলার দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ। মিছিলটি বুধবার বেলা ১১ টায় উপজেলার সাংগঠনিক কার্যালয়ের সামনে থেকে শুরু করে থানা বাজার ঘুরে বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ার সংলগ্ন কলেজ গেইট এলাকায় সমাবেত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালার আহ্বায়ক সুজল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপিডিএফের উপজেলার সংগঠক কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জীবন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জহেল চাকমা।
গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য লালন চাকমার উপস্থাপনায় বক্তারা কমলছড়ির সুবিতা চাকমার ধর্ষণ ও হত্যা, পান্দুক ও বিনয় কুমার চাকমার উপর উগ্রসাম্পদায়িক হামলার প্রতিবাদ এবং মাটিরাঙ্গার আমতুলি ইউনিয়নের নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করে তাদের শাস্তির দাবি জানায়। এসময় প্রশাসনের ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি নিহত সবিতা চাকমার লাশ তার নিজ বাড়ির পাশের ক্ষেতে পাওয়া যায়। তার মৃত্যুর পর থেকে বিভিন্ন পাহাড়ি সংগঠনগুলো সবিতা চাকমা বাঙ্গালী ট্রাক চালক ও হেলপার কর্তৃক গণধর্ষিতা হয়ে মারা যায় বলে দাবি করে আসছে। তবে লাশের সুরতহাল ও ময়না তদন্ত রিপোর্টে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।



















