দীঘিনালায় নাড়াইছড়ি ও মেরুং নামে আরও দুটি উপজেলা হচ্ছে


শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, দীঘিনালায় আরো দুটি উপজেলা হচ্ছে। উপজেলা দুটি নাড়াইছড়ি এবং মেরুং নামে নামকরণ করা হবে। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনার এমন পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, আগামী পঞ্চাশ বছরে কেমন উন্নয়ন হবে, তারও পরিকল্পনা করে রেখেছেন বঙ্গবন্ধু কন্যা।
মঙ্গলবার দুপুরে দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বিএনপি যেভাবে মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগকে মারধর করে এমন পরিকল্পনা শেখ হাসিনার নেই। ১৯৭১ সনে দেশ স্বাধীনের সময় বঙ্গবন্ধু যেভাবে সাড়ে সাত কোটি বাঙ্গালীর মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন, ঠিক সেভাবে শেখ হাসিনাও বর্তমানে কাউকে বাদ না দিয়ে ১৮ কোটি বাঙ্গালীর মুখে হাসি ফোটাতে চেষ্টা করে যাচ্ছেন।
সভায় ১নং মেরুং ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. রহমান কবির রতনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ১নং মেরুং ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির উপস্থিতিতে সদ্য বিদায়ী চেয়ারম্যান রহমান কবির রতন নব নির্বাচিত চেয়ারম্যান মাহামুদা বেগম লাকীকে দায়িত্ব বুঝিয়ে দেন।

















