দুষ্কৃতিকারীর গুলিতে রোহিঙ্গা নেতা নিহত


কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ দুষ্কৃতিকারিদের গুলিতে রোহিঙ্গাদের এক নেতা নিহত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকাল ৮টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ।
নিহত ছৈয়দ হোসেন ওরফে কালাবদা (৫২) উখিয়ার লম্বাশিয়া ২-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকের আজিজুর রহমানের ছেলে। তিনি আশ্রয় শিবিরটির ডি-ব্লকের মাঝি (কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ছৈয়দ হারুনুর রশিদ বলেন, সকালে উখিয়ার লম্বাশিয়া ২-ওয়েস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লকে নিজের ঘরের পাশে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় ৭/৮ জন মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে উপর্যুপুরি গুলি ছুড়ে। এতে ছৈয়দ হোসেন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
“পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছৈয়দ হোসেন উদ্ধার করে কুতুপালং আশ্রয় শিবির সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এডিআইজি বলেন, “রোহিঙ্গা শিবিরে কয়েকটি দুষ্কৃতিকারী দল সক্রিয় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। “
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ছৈয়দ হারুনুর রশিদ। তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিউজটি ভিডিওতে দেখুন:

















