নাইক্ষ্যংছড়িতে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন


‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে’ এই স্লোগানে নাইক্ষ্যংছড়িতে উপজেলা পর্যায়ের আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী শিক্ষক রফিক উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
এ আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনাইছড়ি, ঘুমধুম, বাইশারী, দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচ ইউনিয়নের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষকসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা এ সময় বলেন, শিক্ষার্থীদের পাঠ্য বই পড়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশ নিলে প্রতিভার বিকাশ ঘটে। তাই সকল শিক্ষার্থীকে এ কার্যাবলিতে অংশ নিতে হয়। তখন প্রতিভার বিকাশ ঘটবেই। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সব বিষয়ে ধারণা দিতে হবে। তারা যেহেতু আগামী দিনের কাণ্ডারি সেহেতু তাদেরকে মাতৃস্নেহে সকল বিষয়ে ধারণা দিতে হবে ।
উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী স্কুল পর্যায়ে প্রথম হয়েছে, সে সকল শিক্ষার্থী ইউনিয়ন পর্যায়ে, আবার যারা ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়েছে, তারা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে যারা প্রথম হয়েছে তারা জেলায় অংশগ্রহণ করবে। তবে ক-গ্রুপে (প্রথম ও দ্বিতীয় শ্রেণির) শিক্ষার্থীরা উপজেলার পর জেলা, বিভাগ ও কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। খ- গ্রুপের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষাথীরা জেলা পর্যায়ে অংশ নেবে।

















