নাসির রুবেলদের চমকে বাংলাদেশের দাপুটে জয়
স্পোর্টস ডেস্ক:
ভারত ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ খেলে জয় তুলে নিয়েছে নাসির-সাব্বির-সৌম্য-রুবেলরা। প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৯৬ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে নাসিরের শত রানে ৬৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ। দলকে সমতায় ফেরাতে ব্যাট হাতে দৃষ্টিনন্দন অপরাজিত শতক আর বল হাতে ৫ উইকেট দখল করেন টাইগারদের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। নাসিরের সাথে দলের দারুণ জয়ে ভূমিকা রাখেন ৪ উইকেট নেওয়া রুবেল হোসেন এবং উইকেট কৃপার লিটন দাশ।
টস হেরে বাংলাদেশ ব্যাটিং-এ নেমে নাসিরের দারুণ শতক ও নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তোলে ২৫২ রান। জবাবে ১৮৭ রানেই গুটিয়ে যায় ভারত ‘এ’ দল। ফলে, ৬৫ রানের জয় পায় সফরকারী বাংলাদেশ।
ব্যাটিংয়ের শুরুটা ভালো না হওয়ায় স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার এবং তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। সৌম্য ৩০ বলে ৫টি চারে ২৪ রান করে বিদায় নেন। আর বিজয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫৩ বলে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান বিজয়।
চার নম্বরে নামা মুমিনুল ব্যক্তিগত ৩ রান করে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস। তার ছোট তবে গুরুত্বপূর্ণ ৫৭ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। সাব্বির রহমান ব্যক্তিগত এক রান করে বিদায় নেন। সাত নম্বরে ব্যাট হাতে নামা নাসির হোসেন ৯৬ বলে ১২টি চারের পাশাপাশি একটি ছক্কা হাঁকিয়ে ১০২ রান করে অপরাজিত থাকেন। আরাফাত সানি করেন ১৭ রান।
ভারতের হয়ে ১০ ওভারে ৪৪ রান খরচ করে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রিশি ধাওয়ান। দুটি উইকেট পান কর্ন শর্মা।
২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা স্বাগতিকদের দলীয় ৩১ রানের মাথায় ওপেনার আগরওয়াল ২৪ রান করে রুবেল হোসেনের বলে লিটনের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান। অন্য ওপেনার উন্মুখ চাঁদ ৭৫ বলে ৫৬ রান করে নাসিরের বলে বিদায় নেন। মানিষ পান্ডে ৭০ বলে ৩৬ রান করে রুবেলের দ্বিতীয় শিকারে পরিণত হন।
৩৪তম ওভারে নাসিরের আক্রমনে সুরেশ রায়না ১৭ রান করে ফেরেন এবং করুণ নায়ার করে ৪ রান । পরের ওভারে আবারো আক্রমণে আসেন রুবেল হোসেন। পান্ডের পর সঞ্জু স্যামসন রুবেলেল বলে বোল্ড হয়ে ফিরে জান। রুবেলের ওভারটি শেষ হওয়া মাত্র আবারো নাসিরের আঘাত। দলীয় ৩৬তম ওভারে নাসিরের চতুর্থ শিকারে ফেরেন রিশি ধাওয়ান। এরপর ৩৭তম ওভারের শেষ বলে বোল্ড করে কর্ন শর্মাকে ফিরিয়ে দেন রুবেল।
দলীয় ৪২তম ওভারের শেষ বলে আবারো আক্রমণ হানেন নাসির। নিজের পঞ্চম উইকেট তুলে নেন তিনি। কালারিয়াকে ফিরিয়ে দেন নাসির। শেষ উইকেটটি তুলে নিতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। শেষ উইকেট হিসেবে ৩৪ রান করা গুরক্রিত মানকে ফিরিয়ে দেন আল আমিন হোসেন।
৪২.২ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দল। ৬৫ রানের জয়ের ফলে সিরিজে ১-১ এ সমতা ফিরে আসে বাংলাদেশ।
দলের হয়ে ১০ ওভারে ৩৬ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন নাসির হোসেন। ৯ ওভারে ৩৩ রান খরচ করা রুবেল হোসেন ৪টি উইকেট তুলে নেন । চার উইকেটের তিনটিই বোল্ড করেন রুবেল। উইকেটের পেছনে দাঁড়িয়ে লিটন দাশ দুটি ক্যাচ নেওয়ার পাশাপাশি তিনটি স্ট্যাম্পিং করেন।


















