নির্মাণের দুই বছর পার হয়ে সংস্কারের সময় হলেও চালু হচ্ছেনা পানছড়ির ছাত্রাবাসটি

 HOSTAL (1)

শাহজাহান কবির সাজু, পানছড়ি, খাগড়াছড়ি :

নির্মাণের দুই বছর শেষ হয়ে পূন: সংস্কারের সময় হলেও চালু হচ্ছেনা খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলাস্থ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস। ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ছাত্রাবাসের ৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কথা থাকলেও অজ্ঞাত কারণে নিয়োগ হয়নি এখনো এবং কবে চালু হবে তাও কেউ জানাতে পারছে না। তাই অনেক ভবনটিকে ভুতুড়ে ভবনও বলে থাকে। তাছাড়া বর্তমানে ভবনটির ভিতরে ধরেছে বড় বড় ফাটল। দীর্ঘ বছর বন্ধ থাকার কারণে মাকড়শার জাল ও উপচে পড়া গন্ধ যেন ভালো মানুষকেও রোগী বানিয়ে হাসপাতালে পাঠাবে ।

প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই ছাত্রাবাসটি নির্মাণ করেছিল। ছাত্রাবাসটির নির্মাণ কাজ ২০১০ সালের জুন মাসে শুরু হয়ে শেষ হয় ২০১১ সালের মার্চে। প্রায় ৩ মাস হাতে রেখেই ২০১১ সালের এপ্রিল মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে ছাত্রাবাসটির নির্মাণ কাজ বুঝিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার।

ছাত্রাবাসটি চালু করা হলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষা সুবিধা বঞ্চিত ৮০ জন দরিদ্র শিক্ষার্থী আবাসনের সুবিধা পাবে এমনটাই দাবী পানছড়িবাসীর। এলাকাবাসীর অভিমত, এতে করে দারিদ্রের কারণে শিক্ষার্থীদের ঝড়ে পড়ার হার অনেকটাই কমে যাবে। শিক্ষক ও অভিভাবকদের দাবী, সহসাই ছাত্রাবাসটি চালু করা হোক। এতে প্রত্যন্ত এলাকা থেকে আসা শিক্ষার্থীরা আবাসন সমস্যা মিটিয়ে শিক্ষার সুযোগ পাবে।

এ ব্যাপারে পানছড়ি উপজেলা নির্বাহী প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ঠিকাদার নির্দিষ্ট সময়ের ৩ মাস আগেই নির্মাণ কাজ বুঝিয়ে দিয়েছেন। কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জেলা পরিষদ, কিন্তু কি কারণে এখন পর্যন্ত নিয়োগ দেয়নি এবং কেন ছাত্রাবাসটি চালু করছেনা তা শুধুমাত্র জেলা পরিষদই জানে।

পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আগের শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান সংশ্লিষ্ট দপ্তরে এ ব্যাপারে লিখিত আবেদন করেন কিন্তু অদ্যবদি কোন সাড়া পাওয়া যায়নি তবে পুনরায় আবেদন করা হয়েছে।

উল্লেখ্য যে, একই অর্থবছরে তিন পার্বত্য জেলায় মোট ১০টি ছাত্রাবাস নির্মাণ করা হলেও এর কোনোটিতেই এখন পর্যন্ত কোন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া হয়নি। ছাত্রাবাস পরিচালনার জন্য ০১ জন তত্ত্বাবধায়ক, ০১ জন অফিস সহকারী ও ০৪ জন কর্মচারী নিয়োগ দেয়ার কথা রয়েছে। এই ছাত্রাবাসে ৪০ জন ছাত্র ও ৪০ জন ছাত্রী থাকার সুযোগ পাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন