পাহাড়ের সব জনগোষ্ঠীর কল্যাণে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিলেন সাচিং প্রু জেরী

fec-image

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বসে থাকার সময় নেই। পাহাড়ের সব জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, সামাজিক উন্নয়ন, বৃক্ষরোপণ, সাংগু নদীতে মৎস্য চাষের আধুনিক পদ্ধতি এবং সার্বিক এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নে অংশ নিতে হবে।

তিনি বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করতে হলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম হাতে নিতে হবে এবং তা বাস্তবায়নের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে পালন করে দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে বর্তমান সরকার সফলভাবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সক্ষম হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য খামলাই ম্রো। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রাই মারমা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাহপুত্র সাশৈপ্রু চৌধুরী, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ক্যসাউ মারমা, মংএনু মারমা, উবামং মারমা, তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং এবং রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনাঙ্কিক ত্রিপুরা।

সাচিংপ্রু জেরী আরও বলেন, থানচি উপজেলার বড় মদক ও রেমাক্রী অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে আরও মনোযোগী হতে হবে, যাতে ওই এলাকার ছেলে-মেয়েরা অন্তত মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ পায়।

তিনি জানান, তিন্দু বিদ্যালয়কে বিশেষ প্রকল্পের আওতায় আনতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। সেখানে প্রায় ৫ একর জমির ওপর ছাত্রাবাসসহ একাডেমিক ভবন নির্মাণের মহাপরিকল্পনা রয়েছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনে এলে স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, সাচিং প্রু জেরী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন