প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে রথযাত্রা
মোঃ কামরান ফারুক, বান্দরবান:
বান্দরবানে পালিত হচ্ছে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উৎসব। আজ সন্ধ্যা ৭ টায় রাজবাড়ি মাঠ থেকে “ছংরারাসিহ্ ওয়াগ্যোয়াই লাহ্ রাথা পোয়েঃ লাগাইমে”… (সবাই মিলে মিশে রথ যাত্রায় যাই) মারমা গান পরিবেশন করে মহারথ নিয়ে ক্যাং এর উদ্দেশ্যে রথযাত্রা শুরু করে নতুন রাজবাড়ির সম্মুখ হয়ে উজানী পাড়া করুনাপূর বৌদ্ধ বিহারে গিয়ে শেষ হয়।
এসময় মারমা তরুনীরা নৃত্য আর রথযাত্রায় অংশ নিতে ভীড় জমায়। রথে বৌদ্ধ মূর্তির সামনে হাজারও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। দান করা হয় নগদ অর্থ এবং ছোয়াইং। বর্ণিল ফানুস উড়ানো, ক্যাং এ সহস্র প্রদীপ প্রজ্জ্বলন, ছোয়াইং দানের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করছে।
জেলা শহরের রাজগুরু ক্যাং, খ্যংওয়া ক্যাং, রাম জাদি, করুনাপুর বৌদ্ধ বিহার, বুদ্ধ ধাতু জাদি, সার্বজনিন বৌদ্ধ বিহার, আম্রকানন বিহার, খ্যাংফিয়া ক্যাংসহ বিহারগুলো পূণ্যাথিরা ছোয়াইং প্রদানসহ বিশেষ প্রার্থনার মধ্যদিয়ে পালিত হচ্ছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ এ উৎসব। সন্ধ্যার পর থেকে আদিবাসী পাড়াগুলোতে নানান ধরনের পাহাড়ী পিঠা পুলি তৈরীতে মেতে উঠেছে মারমা সম্প্রদায়ের তরুন তরুনীরা।
প্রবারণা উৎসব উদযাপন কমিটির সভাপতি অং চ মং মার্মা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির এ বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসব সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে তুলবে। ফানুস উড্ডয়নের মাধ্যমে সকল গ্লানি, দুঃখ, অপশক্তি দূর হবে এ সবুজ ঘেরা বান্দরবান পার্বত্যাঞ্চল থেকে।


















