বিশ্বমানের টেলিকম সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: পলক


কল ড্রপ কমিয়ে এনে বিশ্বমানের টেলিকম সেবা জনগণকে নিশ্চিত করতে কাজ করছে সরকার এমন মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট ও ড্রাইভ টেস্ট কার্যক্রমকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পর্যটন রাজধানী কক্সবাজার। প্রতিবছর দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণে আসে। এই পর্যটন নগরীকে বিশ্বের কাছে আরো আর্কষণীয় করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী বিশ্বমানের আইকনিক রেলস্টেশন, আন্তর্জাতিক বিমানবন্দর করেছেন; যার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া কক্সবাজারে হাইটেক পার্ক নির্মাণের জন্য ১’শ ৭০ কোটি বরাদ্দ দিয়েছেন। এসব কিছু প্রধানমন্ত্রী করছেন দেশের মানুষের উন্নয়নের জন্য এবং কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্য। যার জন্য বিদ্যুৎ, দ্রুতগতির ইন্টারসেবা, সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা এখন সবকিছু কক্সবাজারে হয়ে গেছে। দেশে এখন ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এখন একটা উদ্দেশ্য, ইন্টারনেটের গুনগত মানটা বৃদ্ধি করা। যার কার্যক্রম চলমান রয়েছে।
নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিটিআরসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজ, আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানীসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা।
আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট শেষে প্রতিমন্ত্রী রামুতে হাই-টেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

















