মানিকছড়িতে বর্গা চাষে জমি না পেয়ে ফলন্ত সবজি ক্ষেত কেটে সাবাড়
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
মানিকছড়িতে বর্গা চাষে নিজে জমি না পেয়ে অন্য চাষা মুজিবুল হকের ফলন্ত সবজি ক্ষেতে নিষ্ঠুর নিধনযজ্ঞ চালিয়েছে প্রতিবেশি কৃষক।
মানিকছড়ির মধ্যম তিনটহরীর হতভাগ্য কৃষক মো.মজিবুল হক এর সৃজিত ১ একর ফুলে-ফলে ভরা শাক সব্জির বাগান কেটে ও উপড়ে প্রতিশোধ নিয়েছে পূর্বের চাষা মো. সফিকুল ইসলাম! ফলে ক্ষতিগ্রস্থ কৃষক মুজিবুল হক পুলিশের আশ্রয় নিয়েছে পরিত্রাণ পেতে।
কৃষক মজিবুল হক জানান, সুলতাল আহম্মদের ৪ একর ২য় শ্রেনির ভূমি পূর্বে বর্গায় চাষ করত জনৈক মো. সফিকুল ইসলাম। গত ৩ বছর ধরে মালিক পূর্বের চাষাকে না দিয়ে আমাকে উক্ত জমি বর্গায় চাষ করতে দিয়েছে। এতে ওই চাষা ক্ষিপ্ত হয় এবং গত বছর একইভাবে ফলন্ত শাক-সবজি ক্ষেত কেটে ফেলে। পরে স্থানীয়ভাবে তাকে জরিমানা করা হয়। এবার বর্তমানে আমি ১ একর জমিতে লাউ ও বেগুনের চাষ করি ।
এখন গাছে ফল-ফুলে একাকার হয়ে ওঠেছে। ফলে বিষয়টি প্রতিবেশির সহ্য হচ্ছিল না। তাই সোমবার রাতে ফলন্ত ক্ষেতের সব লাউ ও বেগুন গাছ কেটে ও শিকড়সহ তুলে ফেলেছে সফিকুল। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফলে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মজিবুল হক। থানার এ.এস.আই মো. নাজের আহম্মদ সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফলন্ত শবজি ক্ষেত কাটার ঘটনা সত্য। অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। এমন নির্মম ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



















