মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জন পাচারকারী আটক


১৪ সেপ্টেম্বর রবিবার সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ এলাকায় বাংলাদেশ জলসীমা থেকে মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসামগ্রীসহ ১টি বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’।
বাংলাদেশ নৌবাহিনী সূত্র জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান কর্তৃক নিয়মিত টহল চলাকালীন সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোট দেখতে পায়। এ সময় বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনী জাহাজ বোটটির কাছে যেতে থাকে। নৌবাহিনীর জাহাজের আগমন টের পেয়ে বোটের গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ১১ জন পাচারকারীসহ ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামক বোটটিকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
পরবর্তীতে বোটটি তল্লাশি করে ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, ২ হাজার ৫০০ কেজি মসুর ডাল, ১৪ হাজার ৪০০ পিস কোমল পানীয় (টাইগার,স্পিড), ৬০০ পিস গ্যাস লাইটার, ৮০০ পিস শেভিং ব্লেড, ৩টি মোবাইল ফোন, ১টি বাইনোকুলার, ১টি কম্পাস এবং ৪০০ ফুট কারেন্ট জাল উদ্ধার করা হয়।
আটককৃত পাচারকারী, বোট ও মালামালসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
নৌবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, দেশের সার্বভৌমত্ব অটুট রাখা, সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল অব্যাহত থাকবে।

















