রাঙামাটির কাউখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধের মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাউখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে মোঃ সাদেক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল দুপুর ১টার সময় উপজেলার রাঙ্গীপাড়া গ্রামে বৃদ্ধর মুরগীর ফার্মে কাজ করার সময় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার এসএই যোযৎসু চাকমা যশ। এব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানায়, উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের ষাটোর্দ্ধ বৃদ্ধ মোঃ সাদেক মিয়া প্রতিদিনের ন্যায় তার মুরগী ফার্মের পরিচর্যা করে আসছিলেন। দুপুর ১টার বাড়ির পাশে নিজের গড়া মুরগী ফার্মে যান দেখাশুনা করতে। এসময় খামারের ভেতর ছড়িয়ে ছিটেয়ে থাকা বৈদ্যুতিক তার গুছানোর চেষ্টা করেন। দুপুরে কোন এক সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে খামারের ভেতরেই তার মৃত্যু হয়। বাড়িতে ঐ সময় বৃদ্ধের অসুস্থ্য স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। দীর্ঘক্ষণ খামার থেকে ঘরে না আসায় তার স্ত্রী তাকে দেখতে যান। সেখানে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে এলাকার লোকজন এসে সাদেক মিয়াকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সাদেক মিয়ার মিয়ার ২ ছেলে ৬ মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে দেয়া হয়েছে অনেক আগে। তার ২ ছেলে চট্টগ্রামের বিভিন্ন পোষাক শিল্পে কাজ করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। জীবিকার তাগিদে বৃদ্ধ বয়সেও মুরগীর খামার পরিচালনা করে স্বামী-স্ত্রী দু’জন কোন মতে দিন পার করছিলেন। কিন্তু জীবন যুদ্ধে হেরে গেলেন সাদেক মিয়া। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।



















