রাজস্থলীতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা


আগামী ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুর ১২ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম, পুলিশ সুপার মীর তৈহিদুল ইসলাম, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহসানুল কবির সাকিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, আনসারুল করিমসহ বিভিন্ন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে ১৪ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৯২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ১৮৪ জনসহ মোট ২৯০ জন এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সকল কর্মকর্তাকে সুষ্ঠভাবে ভোট গ্রহণে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন এবং ভোট কেন্দ্রে যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসের তথ্যমতে, আগামী ২১ মে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

















