রোয়াংছড়িতে সেতু মেরামতে কর্তৃপক্ষ উদাসীন : সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার


বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে নোয়াপতং ঝিরির ওপর আরসিসি সেতু কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু মাত্র তিন বছরের মাথায় বর্ষার সময় উজান থেকে নেমে আসা প্রবল পানির স্রোতে সেতুর পূর্ব অংশ ধসে পড়ে। এরপর থেকেই সেতুটি অকেজো হয়ে পড়ে আছে। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে এলাকাবাসী অস্থায়ী ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার হচ্ছে।
এলাকাবাসী জানিয়েছেন, এই সাঁকো পারাপার আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বর্ষার দিনে। তখন ঝিরির পানি বেড়ে গিয়ে পরিস্থিতি ভয়াবহতায় রূপ নেয়। তখন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা খুব বেশি সমস্যার মুখোমুখি হয়। তারা এই সাঁকো পার হয়ে স্কুলে যেতে পারে না। কেবল শিশুরাই নয়, নারী ও বয়স্ক লোকেরাও অনেক সময় এই সাাঁকো পার হতে গিয়ে আতঙ্কে থাকেন। কেননা সাঁকোতে ওঠার সাথে সাথেই পানির স্রোতে দুলতে থাকে।
এই সাঁকো পার হয়েই সোনাই সে প্রু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও জামছড়ি জুনিয়র হাই স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের স্কুলে উপস্থিত হতে হয়। স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসীর এই দুর্ভোগ দূরীকরণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছে এলাকাবাসী। কর্তৃপক্ষের সেতু নির্মাণে এমন নীরব ভূমিকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

















