রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
শনিবার (১ জুন) বেলা ১২টায় তাজিমারখোলা ক্যাম্প ১৩ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।
তিনি বলেন, ‘উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে পৌনে ১টার দিকে আবারও আগুন লেগে যায়। আগুন নেভাতে ইতোমধ্যে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম কাজ করছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীষ চাকমা জানান, রামু ও উখিয়ার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আগুনের তীব্রতা বেশী। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না, তা খতিয়ে দেখা হবে।
এর আগে, শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে একই ক্যাম্পের ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। ততক্ষণে ওই ক্যাম্পের ৩ শতাধিক শেড পুড়ে ছাই হয়ে গেছে।

















