রোহিঙ্গা ক্যাম্পে রাতভর অস্ত্রের ঝনঝনানি


কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের হোস্ট কমিউনিটি এলাকায় সন্ধ্যা পেরিয়ে রাত নামলেই ডাকাতের আতংকে দিনাতিপাত করছে সাধারণ রোহিঙ্গা ও স্থানীরা। দেশি-বিদেশি ভারি অস্ত্রে সজ্জিত রোহিঙ্গা কিশোররা দেদারসে দাপিয়ে বেড়ায় ক্যাম্পগুলোতে।
রাতভর তাদের নিয়ন্ত্রণে রেখে যেখানে ইচ্ছা ডাকাতি, অপহরণ ও লুটপাটের ঘটনা যেন ওপেন সিক্রেট। তাদের ভয়ে কেউ মুখ খোলে না। সাহস করে কেউ এগিয়ে আসলেও পরে তাদের উপর নেমে আসে অমানবিক নির্যাতন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লক ও শালবাগান ক্যাম্প ২৬-এর আই ব্লকে ডাকাতিকালে সাধারণ রোহিঙ্গারা দলবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে। এতে ক্ষিপ্র হয়ে ডাকাতদল ওই স্থানে অস্ত্র নিয়ে রাতভর তান্ডব চালায়। অস্ত্রের ঝনঝনাতি আতংক ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে রোহিঙ্গারা।
খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল তাদেরও লক্ষ্য করে গুলি ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে এপিবিএন পুলিশও পাল্টা কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় সন্দহজনক কয়েকজনকে আটক করে এপিবিএন পুলিশ। তাদের জিজ্ঞাসা করা হচ্ছে।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত ডিআইজি মো. কাউসার সিকদার গুলির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান সুটার গান উদ্ধার করা হয়েছে। ক্যাম্পে এপিবিএন পুলিশ মোতায়েন রয়েছে। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে হ্নীলা ইউনিয়নের লেদার নুরালী পাড়ায় রাতভর গুলির ঘটনা ঘটেছে। থেমে থেমে প্রায় তিন শত রাউন্ডের বেশি ওপেন ফায়ার করেছে ডাকাত দল। স্থানীয়রা এ বিষয়টি নিশ্চিত করেছেন। নুরালী পাড়ার বাসিন্দা মো. হোছন জানান, ডাকাতরা রোহিঙ্গাদের বাড়িতে ডাকাতি করতে আসলে সাধারণ রোহিঙ্গারা প্রতিহত করে। সংঘবদ্ধভাবে সাধারণ মানুষ এগিয়ে আসলে ডাকাতদল উপর্যুপরি গুলি ছুড়ে। এতে কয়েকজন আহত হয়।
ডাকাতি করতে না পেরে ডাকাত দল ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে হামলার চেষ্টা করে এবং জনগণ প্রতিরোধ করলে সেখানেও ডাকাতদল গুলি চালায়। এতে আমার বাড়ির বাউন্ডারিতে কয়েক রাউন্ড গুলি লাগে। আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। রোহিঙ্গা ডাকাতদের কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী জানান, গুলাগুলির বিষয়টি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করা হবে।

















