শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসীদের আয়নাঘর বানিয়েছে: জাবেদ রেজা


বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেছেন, শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাসীদের আয়নাঘর বানিয়ে গেছে। পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের বাজার চত্বরে ছাত্রজনতার ব্যানারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
জাবেদ রেজা বলেন, আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মী ও তাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের মানুষকে ঘুমাতে দেয়নি। মিথ্যা মামলা আর দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে তারা।
‘অথচ জিয়াউর রহমান পাহাড়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বাঁধনে এক করে ছিলেন। সেই পাহাড়ে লাশ পড়ছে প্রতিনিয়ত।’
জাবেদ রেজা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন হয়। তবে হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার দোসররা এখনো রয়েছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।
উপজেলা ছাত্রদল আহ্বায়ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আরিফ উল্লাহ ছুট্টু, সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. সুলতান আহমদ, সদর বিএনপির আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ ইউনুছ প্রমুখ।

















