সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা মুছে দিবো : স্বরাষ্ট্রমন্ত্রী


সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) গুলশানে সংসদ সদস্যদের জন্য আয়োজিত দ্বিতীয় দিনের কর্মশালায় তিনি অংশ নেন। কর্মশালা শেষে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কর্মশালার দ্বিতীয় দিনে সংবিধান, কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিজার), কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলাপ হয়েছে এবং তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্ট—যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অব কমনস এবং বিভিন্ন দেশের যারা শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে, সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের ওপর আমরা কথা বলেছি। রেফারেন্স বুক আমরা দিয়েছি, বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি আর পার্লামেন্ট লাইব্রেরি যাতে আমরা ব্যবহার করি সে জন্য নসিহত করেছি।
‘এভাবে নিজেদের মধ্যে আলোচনা করে আমরা সংসদীয় চর্চায় নিজেদের শক্তিশালী ও সমৃদ্ধ করার চেষ্টা চালু রাখছি। আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে, এ রকম একটি সংসদ তারা দেখতে চেয়েছিলেন বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি, এই পার্লামেন্টের মধ্য দিয়ে সেই চেষ্টা করছি।’

















