২৯ জানুয়ারি ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু, সময়সূচি প্রকাশ

fec-image

২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে। সরাসরি ফ্লাইটে ঢাকা থেকে করাচি যেতে সময় লাগবে ৪ ঘণ্টা। ফিরতি বিমান করাচি থেকে ঢাকায় পৌঁছতে সময় নেবে ৩ ঘণ্টা ২০ মিনিট। প্রাথমিকভাবে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত সপ্তাহে ২ দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শনিবার ফ্লাইট চলবে। ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের যাত্রা যেমন সহজ হবে, তেমনি সময় ও ব্যয় সাশ্রয় হবে। দু দেশের মধ্যে সরাসরি ফ্লাইট না থাকায় এতদিন দু দেশের যাত্রীদের দুবাই, দোহা বা মধ্যপ্রাচ্যের অন্যান্য ট্রানজিট হাব হয়ে ভ্রমণ করতে হয়েছে।

বাংলাদেশ বিমানের ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, প্রাথমিক ভাবে বৃহস্পতিবার এবং শনিবার এই দু’দিন ঢাকা থেকে স্থানীয় সময় রাত ৮টায় বিমান ছাড়বে। তা করাচিতে পৌঁছবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ১১টায়। আবার, করাচি থেকে ঢাকার উদ্দেশে ওই বিমান রওনা দেবে স্থানীয় সময় রাত ১২টায়। তা ঢাকায় পৌঁছবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে।

আগামী ৩০ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সরাসরি ফ্লাইটের চাহিদা, জনপ্রিয়তা এবং কার্যকারিতা বিবেচনা করা হবে। যাত্রীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া গেলে স্থায়ীভাবে ঢাকা-করাচি রুটে সরাসরি বিমান চলাচল অব্যাহত থাকবে। এমনকি প্রয়োজনে ফ্লাইট সংখ্যাও বৃদ্ধি করা হতে পারে।

নতুন এই রুটের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা। সেই সঙ্গে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন, শিক্ষা, চিকিৎসা এবং পারিবারিক ভ্রমণও বাড়বে।

দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ২০১২ সালে সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ হয়ে যায়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আবারো জোরদার হয়।

তথ্যসূত্র : আনন্দবাজার অনলাইন, ৭ জানুয়ারি ২০২৬

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন