৫০ ডলারে ফিফা বিশ্বকাপের টিকিট দেওয়ার ঘোষণা মামদানির

fec-image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি তার শহরের বাসিন্দাদের জন্য বিনামূল্য বাস সেবা ও ৫০ ডলারে বিশ্বকাপ দেখার সুযোগ করে দিলেন ।

হারলেমের লিটল সেনেগাল এলাকায় আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য এই ঘোষণা দেন মামদানি।এই জায়গাটিকে নিউইয়র্কের আফ্রিকান ফুটবল সম্প্রদায়ের কেন্দ্র মনে করা হয়। ঘোষণার সময় মার্কিন ফুটবল তারকা টিমোথি উইয়াহ ও মার্ক ম্যাকেঞ্জি মেয়রের পাশে দাঁড়িয়ে ছিলেন।

মামদানি বলেন, ‘বিশ্বকাপ আমাদের দোরগোড়ায় আসছে। আমরা চাই নিউইয়র্কের শ্রমজীবী মানুষও এই উৎসবের অংশ হোক। আমরা হোস্ট কমিটির সাথে বসে নিশ্চিত করেছি যে এই টুর্নামেন্ট সেই মানুষদের হবে যারা এই শহরকে গড়েছে। আজ এক হাজার নিউইয়র্কবাসী পঞ্চাশ ডলার আর বিনামূল্যের বাসে সেই মাঠে বসবে। আমি গর্বিত যে নিউইয়র্ক এই পথ দেখাচ্ছে।’

এই পরিকল্পনায় মোট এক হাজার টিকিট দেওয়া হবে। সাতটি ম্যাচের প্রতিটির জন্য প্রায় দেড়শো করে আসন বরাদ্দ থাকবে। আসনগুলো হবে ৮২ হাজার ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামের উপরের স্তরে। ফাইনাল ছাড়া বাকি সব ম্যাচেই এই সুবিধা পাওয়া যাবে।

যে সাতটি ম্যাচ এই পরিকল্পনার আওতায় আছে সেগুলো হলো- গ্রুপ পর্বে ১৩ জুন ব্রাজিল বনাম মরক্কো, ১৬ জুন ফ্রান্স বনাম সেনেগাল, ২২ জুন নরওয়ে বনাম সেনেগাল, ২৫ জুন ইকুয়েডর বনাম জার্মানি এবং ২৭ জুন পানামা বনাম ইংল্যান্ড। এর বাইরে ৩০ জুনের রাউন্ড অব ৩২ ও ৫ জুলাইয়ের রাউন্ড অব ১৬ ম্যাচও এই সুবিধায় পড়বে।

লটারি শুরু হবে ২৫ মে এবং শেষ হবে ৩০ মে। প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার আবেদন করা যাবে। প্রতিটি বিজয়ী সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। টিকিট অন্যকে দেওয়া যাবে না এবং ম্যাচের দিনই বিজয়ীদের হাতে পৌঁছাবে।

এই উদ্যোগ মেয়রের দফতর ও নিউইয়র্ক-নিউ জার্সি বিশ্বকাপ হোস্ট কমিটির যৌথ প্রচেষ্টায় হচ্ছে। ফিফার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ২০২৬ বিশ্বকাপে এই প্রথম কোনো আয়োজক শহর তাদের বাসিন্দাদের জন্য প্রথম আলাদা টিকিট সুবিধা দিল। ২০২২ সালে কাতারেও দেশটির নিজস্ব বাসিন্দাদের জন্য ছাড়ের টিকিটের ব্যবস্থা ছিল।

নিউইয়র্ক ও নিউ জার্সি এলাকায় ম্যাচ দেখার খরচ বিশ্বকাপের আগেই বড় সমালোচনার বিষয় হয়ে উঠেছে। নিউ জার্সি ট্রানজিট প্রথমে পেন স্টেশন থেকে স্টেডিয়ামের রিটার্ন ট্রেন ভাড়া ১৫০ ডলার ঘোষণা করেছিল, যেখানে স্বাভাবিক ভাড়া মাত্র ১৩ ডলার। পরে তা কমিয়ে ১০৫ ডলার করা হয়। বাস ভাড়া ধরা হয়েছে ৮০ ডলার।

ফিফা নিজেও সমালোচনার মুখে মাত্র ৬০ ডলারের কিছু টিকিট ছাড়ে, তবে তা মোট টিকিটের মাত্র ১.৬ শতাংশ। ডায়নামিক প্রাইসিংয়ের কারণে বাকি টিকিটের দাম এখন কয়েকশো ডলারে গিয়ে ঠেকেছে।

মামদানি আগের বছর একটি প্রচারণায় বলেছিলেন, ‘এই খেলাকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে তাদের অনেকের পক্ষেই মাঠে গিয়ে দেখার কোনো সুযোগ নেই। যারা টিকিট সবার আগে কেনে তারা সবসময় সবচেয়ে আগ্রহী দর্শক নয়, তারা মুনাফার আশায় থাকে।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন