’দেশের উন্নয়ন করতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার’
‘সারাদেশে রাস্তা-ঘাট উন্নয়ন, স্কুল-কলেজ স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। কৃষকরা এখন পর্যাপ্ত সার পাচ্ছে। ফলে কৃষিতেও উন্নয়ন হয়েছে। দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। পাহাড়ে শান্তিচুক্তি করে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি বিরাজ করছে। পাহাড়ের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে। এদেশের মানুষের শান্তি ও উন্নয়ন এনে দিতে পারে একমাত্র আওয়ামী লীগ সরকার।’
শনিবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার মহালছড়ি উপজেলা ছাত্রলীগের ছাত্র সমাবেশ ও কলেজ কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে অন্যান্য বক্তারা আরো বলেন, দেশের শান্তি ও উন্নয়ন হতে দেখে ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার ঘুম হারাম হয়ে গেছে। অযৌক্তিক হরতাল অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষের উপর পেট্রোলবোমা মারছে। পন্ডিতের ভাষায়, “শিক্ষাই জাতির মেরুদণ্ড” অথচ বেগম খালেদা জিয়া দেশে পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল-অবরোধ দিয়ে এ শিক্ষা কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করছে।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র ও আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার ঘটনাকে তীব্র সমালোচনা করেন। দেশের শান্তি প্রতিষ্ঠা করতে বাংলাদশ ছাত্রলীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান।
মহালছড়ি উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ ও কলেজ কাউন্সিল ১৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় মহালছড়ি কলেজের হলরুমে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: রোকন মিয়ার সঞ্চালনায় মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: নাজমুল হক তারেক, মো: নুরুল্লাহ হিরু, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক টিকো চাকমা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রণজিৎ দাশ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মো: হামিদুল ইসলামকে সভাপতি, শুভ দাশ জেকিকে সাধারণ সম্পাদক, তারেক রহমান, থুইলাঅং মারমা থুইচা ও যতিন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নব গঠিত মহালছড়ি কলেজ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: জিয়াউর রহমান জিয়া।


















