সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার


সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে ডিবি।
আজ সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
দীপঙ্কর তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে এখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তিনি পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে পার্বত্য জেলা রাঙামাটি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এ সংসদ সদস্য বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুদিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
ছয় মাস পেরিয়ে এসে রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ।
দীপংকর তালুকদার ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে একই আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
২০০১ সালে আষ্টম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন তিনি।

















