চকরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত


কক্সবাজারের চকরিয়ায় বানৌজা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারুফুল ইসলাম শিহাব (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে চকরিয়া-পেকুয়া বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা (মেম্বারের ঘাটা) নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত শিহাব পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেকগুলদী এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, বরইতলী রাস্তার মাথা থেকে শিহাব তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে পেকুয়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। দুর্ঘটনার সময় তার মোটরসাইকেল থেকে ছিটকে প্রায় ১৫০ গজ দূরে গিয়ে একটি পুকুরের পাড়ে পড়ে যায়।
নিহতের বড় ভাই ইকবাল মোহাম্মদ সাকিব বলেন, ছোট ভাই শিহাবের দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। ভাইকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা এখনো নিশ্চিত নই। তবে মোটরসাইকেলটি আমার নিজের ছিল।
পেকুয়া সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
এদিকে দুর্ঘটনার পরে স্থানীয়রা হারবাং পুলিশ ফাঁড়িতে খবর দেন।
পরে পুলিশ নিহত শিহাবের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে হেফাজতে রেখেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অপমৃত্যু মামলা দায়ের হয়নি। শিহাবের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ছাড়াও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

















