প্রেমের বিয়ের ৬ মাস পর স্বামীর ঘরে গৃহবধূর লাশ উদ্ধার


খাগড়াছড়ির রামগড়ে প্রেম করে বিয়ের ৬ মাস পর স্বামীর ঘর থেকে রাবেয়া আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ আগস্ট) রামগড় ইউনিয়নের খাগড়াবিল এলাকার রুপাইছড়ি কেয়াংপাড়ায় স্বামী মহিউদ্দিনের ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
স্বামী মহিউদ্দিন (২৫) খাগড়াবিল গ্রামের আবুল খায়েরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য (৯ নং ওয়ার্ড) মো. শামসুল আলম জানান, ৬ থেকে ৭ মাস আগে মহিউদ্দীন প্রেমের সম্পর্কে ফটিকছড়ি উপজেলার বাগানবাজারের মতিন নগর এলাকার আবু হানিপের মেয়ে রাবেয়াকে বিয়ে করে। ফেনীর ছাগলনাইয়ায় মহিউদ্দিনের একটি সিএনজি গ্যারেজে কাজ করে। শুক্রবার সে বাড়িতে আসে। শনিবার সকালে বাড়ি থেকে চলে যাওয়ার পর স্ত্রীর সাথে মোবাইল ফোনে পারিবারিক কোন এক বিষয় নিয়ে মহিউদ্দিনের কথা কাটাকাটি হয়। পরে রাতের কোন এক সময় রাবেয়া নিজ ঘরের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। মাটির ওই ঘরটিতে রাবেয়া একাই থাকত। রবিবার সকালে শাশুড়ি তাকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে রামগড় থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব কর গৃহবধূর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। রাবেয়ার পিতা আবু হানিফ থানায় অপমৃত্যু মামলা রুজু করেছেন। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি (তদন্ত) আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ আত্মহত্যা না হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

















