বিজিবি’র অভিযানে টেকনাফে থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ


বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ ও কার্যকরভাবে বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কার্যক্রম অব্যাহত আছে।
শনিবার (২৯ জুন) রাতে টেকনাফের সাবরাং সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত অভিযানে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল ২৯ জুন তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের মাদক ও চোরাচালান প্রতিরোধী একটি টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মৎস্য ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত ২২১০ ঘটিকায় বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে পোটলা হাতে নিয়ে নাফ নদী পার হয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে হাড়িয়াখালি এলাকার দিকে আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। এসময় টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস ও একটি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ২৩৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
















