ঘুমধুম সীমান্তে রাইফেলসহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার


কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে একটি জি ৩ রাইফেল (অস্ত্র) এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন দুপুর আড়াইটায় ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকে শূন্য রেখার একটি খালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা বিজিবিকে খবর দিলে ঘুমধুম বিওপির একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ১টি জি ৩ রাইফেল এবং ম্যাগাজিনসহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও অস্ত্র উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “আমরা সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সতর্ক আছি। অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, সীমান্ত এলাকায় এ ধরনের উদ্ধার অভিযান শুধু জনমনে স্বস্তি আনে না, বরং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবেও কাজ করে।

















