রাঙামাটিতে জমকালো আয়োজনে জশনে জুলুস


আল্লাহর নবী হয়রত মুহাম্মদ (স:)-এর আগমনকে সম্মান জানিয়ে প্রতি বছরের ন্যায় এ বছরও আড়ম্বর আয়োজনে রাঙামাটিতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) জুম্মার নামাজ শেষে গাউসিয়া কমিটি রাঙামাটি জেলা শাখার আয়োজনে রিজার্ভবাজার জামে মসজিদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জেলা শহরের বিভিন্ন মসজিদের সুন্নী ইমাম, মুসল্লীরা দলে দলে অংশ নেন। শোভাযাত্রায় মুসলিম জনতার ধ্বনিতে ” নারে তাকবীর, আল্লাহু আকবর” “নারে রিসালাত, ইয়া রাসুল আল্লাহ” মুখরিত হয়ে উঠে। পাশাপাশি নবীর শানে দরূদ এবং গজল গাওয়া হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা জামে মসজিদে এসে শেষ হয় এবং সেখানে মিলাদ, কিয়াম এবং মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জামিয়া আহমিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মুহাম্মদ আব্দুল ওয়াজেদ।
এ সময় বনরূপা জামে মসজিদের পেশ ইমাম সুলতান মাহমুদ, রিজার্ব বাজার মসজিদের খতিব আবু নওশেদ নঈমী, বনরূপা মসজিদের খতিব মাও. ইকবাল হোসেন আল কাদেরী, গাউসিয়া কমিটি রাঙামাটি জেলা শাখার আহবায়ক আলহাজ্ব আলী আকবর, সদস্য সচিব মো. শামীম জাহাঙ্গীরসহ সুন্নী মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
















