মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পার্বত্যমন্ত্রীর

fec-image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের যুব সমাজ দেশের প্রাণশক্তি। বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে।

তিনি আরো বলেছেন, বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে সকল রাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবিলা করছেন এবং আমাদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সেই নির্দেশনার আলোকে বিপথগামী যুব সমাজকে আলোর পথ দেখানো এবং একটি মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠন করাই হবে আমাদের সরকারের একটি চ্যালেঞ্জ।

৬ এপ্রিল রাতে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি, রাঙামাটি শাখার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈষু, বিষু, সাংক্রান, চাংলান, পাতা ও বিহু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী পাজন রান্না প্রতিযোগিতা ও ‘মাদকমুক্ত সমাজ চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দীপেন দেওয়ান মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে বলেন, যারা নেশায় আক্রান্ত থাকেন, তাদের দ্বারা সমাজের কোনো উপকার হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবেন না। মাদকের একটি সুফলও নেই, বরং এটি একটি সুন্দর পরিবেশকে বিষাক্ত করে তোলে। মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে পঙ্গু করে দেয়। তাই সুন্দর ভবিষ্যৎ ও সুস্থ সমাজ নিশ্চিত করতে আমাদের এখনই সচেতন হতে হবে।

উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তাদের সামাজিকভাবে চিহ্নিত করুন এবং আইনের হাতে সোপর্দ করতে সহযোগিতা করুন। জীবন অত্যন্ত মূল্যবান, তাই জীবনকে ভালোবাসুন এবং মাদক থেকে দূরে থাকুন। মাদকের মরণব্যাধি থেকে মুক্তি পেতে নিজের ইচ্ছাশক্তিই যথেষ্ট। আসুন আমরা একযোগে মাদককে ‘না’ বলি এবং একটি মেধাভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন