টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার


কক্সবাজারের টেকনাফে একটি বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় ইসলামাবাদ থেকে টেকনাফ শহরগামী একটি মোটরসাইকেল (কক্সবাজার-ল-১২-২৩৩৩) বিজিবি’র চেকপোস্টে পৌঁছলে চালক এবং দ্বিতীয় আসনধারী হঠাৎ দিক পরিবর্তন করে বিপরীতমুখী হওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি জওয়ানরা তাদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসংলগ্ন জবাব এবং সন্দেহজনক আচরণ হওয়ায় শরীর তল্লাশীর একপর্যায়ে একজনের পাঞ্জাবীর পকেট হতে এবং অন্যজনের পরিহিত লুঙ্গিতে বিশেষভাবে কায়দায় লুকানো ৪ হাজার পিস এবং মোটরসাইকেলের সীট কভারের নিচ হতে আরো ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত পাচারকারীরা হচ্ছে সাবরাংয়ের হারিয়াখালী গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে মোঃ শাহামিয়া (৩০) ও মৃত সৈয়দ আমিনের ছেলে মোহাম্মদ হোসেন (৩২)। এ সময় মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে এবং জোবাইয়ের নামে এক ব্যক্তিসহ দুজনকে অজ্ঞাত পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা করেছে বিজিবি।
টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থানেরই প্রতিফলন।

















