গুজবে কান দিবেন না: রাঙামাটি পুলিশ সুপার
কাপ্তাই প্রতিনিধিঃ
‘গুজবে কান দিবেন না। জননিরাপত্তা ও জনস্বার্থে সকলকে আইন-শৃঙ্খলা পালন করতে হবে। কাপ্তাই থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ মতবিনিময় সভায় মঙ্গলবার প্রধান অতিথি হিসাবে রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান সকলের উদ্দেশ্যে এ বক্তব্য রাখেন।
‘ওপেন হাউজ ডে’ তে এলাকার রাজনৈতিক, শিক্ষক, কর্মকতা, সাংবাদিক, হেডম্যান, কারবারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করা করেন। এর মধ্যে আইন-শৃঙ্খলা, চাঁদাবাজি, জমিসংক্রান্ত বিরোধ, বিভিন্ন ধরনের অপরাধ বিষয় ও প্রতিকার নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং এর পাশাপাশি সকলে একযোগে সহযোগিতা করে প্রতিরোধ করতে হবে। এতে আমরা সকলের সহােযাগিতা চাই।
মতবিনিময় সভার চার পাশজুড়ে বিভিন্ন প্লে-কার্ডে ‘সাম্প্রদায়িক সংঘাত আর নয়, কমিউনিটি পুলিশ তাই কয়, অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিন কমিউনিটি পুলিশিং-এ যোগদিন’ এ লেখা দেখতে পাওয়া যায়।
এ সময় উদ্বোধনী বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি হারুন উর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সম্পাদক থোয়াইচিং মারমা, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, নুর নাহার বেগম, ইউপি চেয়ারম্যান প্রকৌঃ আবদুল লতিফ, বিপ্লব মারমা ও চন্দ্রঘোনা থানার ওসি জহিরুল ইসলামসহ প্রমুখ।
‘ওপেন হাউজ ডে’ তে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, হেডম্যান থোয়াইঅং মারমা, পরিবেশবিদ কাজী মাকসুদুর রহমান বাবুল, বিএসপিআই ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার, জাফর আহমদ স্বপন, ইউসিসি চেয়ারম্যান শফিউল আলম খোকন, ইউপি সদস্য আপাই মারমা, ব্যবসায়ী সেকান্দার হোসেন, কাঠ ব্যবসায়ী সভাপতি ইব্রাহীম খলিল, গ্রাম পুলিশ ফোরকান উদ্দিন সিকদারসহ আরো অনেকে।
পরে কাপ্তাই থানার ৫টি ইউনিয়নে গ্রাম পুলিশ কাপ্তাই থানাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করায় তাদের মধ্যে মোবাইল সেট, ছাতা, টসলাইট ও ট্রাক সমিতিকে দু’টি অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করা হয়।

















