তিন পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

fec-image

রাঙামাটি পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় দীর্ঘদিন ধরে সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও সংশ্লিষ্ট কিছু আইনের মারপ্যাঁচে স্থানীয় সাধারণ মানুষের নাগরিক অধিকার সংকুচিত হয়ে পড়েছে। এসব বৈষম্য দূর করে সকল সম্প্রদায়ের জন্য সমঅধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলা পরিষদগুলো স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ধরে সেখানে কোনো নির্বাচন হচ্ছে না। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির অভাবকে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন তারা। তাদের মতে, নির্বাচিত প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষের সমস্যাগুলো যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে না।

স্মারকলিপির মূল দাবিগুলো হলো- অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা, পার্বত্য অঞ্চলের সকল নাগরিকের জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা, বিদ্যমান বৈষম্যমূলক আইন ও বিধানগুলো পর্যালোচনা করে সংশোধন করা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধূরী, সদস্য সচিব কাজী মো. জালওয়া, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা আহ্বায়ক আসাদুজ্জামান খান এবং সদস্য সচিব আব্দুল মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে নয়, বরং সকল নাগরিককে সমান চোখে দেখতে হবে। জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল পার্বত্য অঞ্চলের প্রশাসনিক স্থবিরতা কাটানো সম্ভব।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: স্মারকলিপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন