ফেইসবুকে দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রীর পোস্ট, নেটিজেনদের ব্যাপক প্রশংসা


সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পোস্টের কমেন্ট অপশনে নেটিজেনরা প্রতিমন্ত্রীর এমন বিনয় আচরণের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তারা বলছেন, নিজের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এমন দুঃখ প্রকাশ ক’জনেই বা করতে পারে।
নিম্নে প্রতিমন্ত্রীর পোস্টটি হুবহু তুলে ধরছি-
সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি শুরুতেই সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রিয় দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈক ব্যক্তির সঙ্গে আমার ছবি তোলাকে কেন্দ্র করে একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। আমি আপনাদেরই মানুষ; তাই দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করছি। ঘটনাটি ঘটেছিল ফুলবাড়িয়া বাস ডিপোতে। সেখানে মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে, সাধারণ মানুষের ঈদযাত্রা কীভাবে আরও নির্বিঘ্ন ও নিরাপদ করা যায়, সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। অনুষ্ঠান চলাকালে উপস্থিত অনেকেই আমাদের সঙ্গে ছবি তুলছিলেন। বারবার নিষেধ করা সত্ত্বেও ভিড়ের কারণে অনেকেই ছবি তোলা অব্যাহত রাখেন। পরবর্তীতে অনুষ্ঠান শেষে ফেরার সময় উপস্থিত কিছু ব্যক্তি নিরাপত্তা বলয় অতিক্রম করে খুব কাছে চলে আসেন। ওই ব্যক্তিও একইভাবে অত্যন্ত নিকটবর্তী হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে তাকে হাত দিয়ে সরিয়ে দেওয়ার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি পুনরায় সংশ্লিষ্ট ব্যক্তি এবং দেশবাসীর কাছে এই অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। কাউকে অসম্মান করা বা মনে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না এবং কখনোই থাকবে না। আমার আচরণে যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরও ধৈর্যশীল ও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার পূর্ণ অধিকার আপনাদের রয়েছে। আমি যদি কোনোভাবে আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে থাকি, তবে তার জন্য আমি ব্যথিত। আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা আমার পরম দায়িত্ব। আপনাদের এই ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। আমি সব সময় আপনাদের পাশেই আছি এবং আপনাদের ভালোবাসাই আমার পথচলার শক্তি। জনসাধারণের প্রতি দায়বদ্ধতা থেকেই বিষয়টি পরিষ্কার করলাম।’
পরিশেষে তিনি সবার কাছে দোয়া চান এবং সবার ঈদযাত্রা শুভ ও নিরাপদ কামনা করেন।

















