পাহাড়ে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত করা সরকারের লক্ষ্য : সাচিংপ্রু জেরী

fec-image

বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেছেন, পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সংকট নিরসন, পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজমের বিকাশ, অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধ করা, পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ এবং খাল-নদীর তীরবর্তী জুম চাষের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনার মাধ্যমে সরকার জনকল্যাণমুখী ও সুপরিকল্পিত নানা প্রকল্প বাস্তবায়ন লক্ষ নিয়ে সরকার এগোচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) বান্দরবানের থানচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

সাচিংপ্রু জেরী বলেন, পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের এসব উদ্যোগ সফল করতে জনগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কারবারি সহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

এমপি সাচিংপ্রু জেরী আরও বলেন, সাংগু নদীতে অনেকে ইলেকট্রিক শর্ট ও বিস্ফোরক ব্যবহার করে মাছ শিকার করছে যা বন্ধ করতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত পোনা অবমুক্তকরণ, দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি, জেলেদের জীবিকা এবং জাতীয় ও দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সুরক্ষায় সকলে সচেতন ভূমিকা রাখবেন। পর্যটন সম্ভাবনাময় এই অঞ্চলে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা হবে। নৌভ্রমণ, প্রকৃতি-নির্ভর পর্যটন, পাহাড়-নদীকেন্দ্রিক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত করা হবে। স্থানীয় যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে গাইড, হোমস্টে ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে। ন্যায্যমূল্যে খাদ্য সহায়তা, কৃষি উপকরণ প্রাপ্তি ও ভর্তুকি সুবিধা নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়ন, চলমান সরকারি কার্যক্রম, স্থানীয় সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন সমন্বয়ে সকল স্তরের মানুষের সহযোগিতা আহ্বান জানান তিনি।

বান্দরবানে দুই দিনের সফরে এসে সেইসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ১ কোটি ১৩ লাখ টাকার ব্যয়ে নব নির্মিত ওয়াক চাক্কু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও শুভ উদ্বোধন করেন এমপি সাচিংপ্রু জেরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুর জামান সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃ আবু হানিফ, মৎস্য চাষী প্রতিনিধি আবুল হাসেম প্রমুখ। হেডম্যান, কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মীসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন