মাতামুহুরীতে পারিবারিক বিরোধে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন


কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলায় পারিবারিক বিরোধে মোহাম্মদ হাসেম (৩৫) নামে এক ব্যক্তিকে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নিহত মোহাম্মদ হাসেম উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, গত ৬ জুলাই দুপুর ২টার দিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসেমের সাথে তার ভাতিজার মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে ভাতিজা মোহাম্মদ সোহেল ও তার বড় ভাই মোহাম্মদ রাসেল মিলে ক্ষিপ্ত হয়ে চাচা মোহাম্মদ হাশেমের ওপর হামলা চালায়। এসময় তারা পেটে ছুরি মেরে হাসেমের নাড়িভুড়ি বের করে ফেলে। আহতবস্থায় স্থানীয় ও পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে তাঁকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বিগত তিনদিন ধরে আইসিসিওতে থাকার পর তিনি আজ দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
চকরিয়া থানার নবাগত ওসি মো. আরিফুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

















