কক্সবাজারে এ যাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা চালান উদ্ধার


কক্সবাজারে এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ইয়াবার চালান জব্দ করেছে র্যাব ১৫। আটক করা এই চালানের ইয়াবার পরিমাণ ১৩ লাখ। এই ইয়াবা চালান পাচাকারী দুই ইয়াবাকারবারিকেও আটক করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকাল ৫টা দিকে কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে থেকে সবচেয়ে বড় ইয়াবা চালানটি আটক করতে সক্ষম হয় র্যাব।
এসময় এই চালান বহন করা একটি মাছ ধরার বোটও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মো. বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মো. আয়াছ (৩৪)।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় র্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।
তিনি জানান, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বোট বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র্যাব।
এই খবর পেয়ে টেকনাফে ওই বোটটি চিহ্নিত করে ধাওয়া করে র্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল।
ধাওয়া খেলেও বৈরি আবহাওয়ার কারণে বোটটি গভীর সাগরের দিকে পালাতে পারেনি। এক পর্যায়ে বোটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি আটক করে র্যাব সদস্যরা।
বোটে থাকা দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতো বোটের গোপন জায়গায় লুকানো অবস্থা থেকে ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, চালানটি আটক করার পর সাথে আটক করা দু‘জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, এই বিশাল ইয়াবা চালানটি গভীর সাগর হয়ে পাচার করতে মিয়ানমার থেকে আনা হয়েছিলো।

















