খাগড়াছড়ির মহালছড়ি ও কমলছড়িতে ১৪৪ ধারা জারি
মজিবুর রহমান ভুঁইয়া:
খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ও ভুয়াছড়িতে মঙ্গলবার ও বুধবারের সৃষ্ট পাহাড়ী-বাঙ্গালী সংঘর্ষের পর আরো বড় ধরনের সহিংসতার আশঙ্কা তৈরী হয়েছে। জেলার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন ধরনের হামলার আশঙ্কায় রয়েছে নিরীহ বাঙ্গালীরা।
এহেন পরিস্থিতিতে যেকোন ধরণের হামলা বা সহিংসতা রোধে জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন ও মহলছড়ি উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেল ৪টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট আনার কলি জানিয়েছেন, এ সকল এলাকায় পাহাড়ী-বাঙ্গালির সম্প্রীতি রক্ষার্থে জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার জেলা সদরের কমলছড়িতে পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৬ জন আহত হওয়ার পর আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জেলার ভুয়াছড়িতে আবারো পাহাড়ী-বাঙ্গালীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮জন আহত হয়। এদিকে মহালছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।



















