খেলাধুলা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে : পার্বত্যমন্ত্রী


পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাঙ্গামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আয়োজিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্রীড়া অঙ্গনকে আধুনিকায়নে সরকার কাজ করছে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, খেলাধুলার মাধ্যমে মননশীল, শৃঙ্খলাবদ্ধ ও ক্রীড়ামোদী হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে একটি বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে তরুণদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাঙ্গামাটি সদর উপজেলা ও কাপ্তাই উপজেলা মুখোমুখি হয়। নির্ধারিত সময় শেষে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে কাপ্তাই উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাঙ্গামাটি সদর উপজেলা।
রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার অংশগ্রহণে নক-আউট পদ্ধতিতে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। চমৎকার এই আয়োজনের জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান মন্ত্রী।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকরামুল রাহাত (পিএসসি), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সাবেক সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন ও মোহাম্মদ রুহুল আমিন।

















