টেকনাফে বিজিবি’র অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

fec-image

কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১২ মে) রাতে টেকনাফ সীমান্তের ক্যারেঙ্গাঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আলমগীর (১৮)। তিনি কক্সবাজারের টেকনাফ থানাধীন ক্যারেঙ্গাঘোনা গ্রামের মো. আলী আকবরের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বুধবার সকালে জানান, মঙ্গলবার আনুমানিক রাত ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ক্যারেঙ্গাঘোনা এলাকা দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলমগীর স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে এই ইয়াবা সংগ্রহ করেছিলেন। তবে তার দেহ তল্লাশি করে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন