থানচি বমদের মোটর সাইকেল হস্তান্তর করল সেনাবাহিনী

fec-image

বান্দরবানের থানচির বম পরিবার থেকে গতবছরে জব্দকৃত মোটরসাইকেল স্ব স্ব মালিকদের কাছে হস্তান্তর করল বাংলাদেশ সেনাবাহিনী। ২০ জুলাই ২০২৫ রবিবার বাকলাই ক্যাম্প সাব জোন পাদদেশের প্রাতাপাড়ায় আনুষ্ঠানিকভাবে বমদের হাতে ২টি মোটর সাইকেলের চাবি ও বিভিন্ন মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।

ম্যাজিস্ট্রিক টাইগার্স অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আতিকুল করিম পিএসসির উপস্থিতিতে বাকলাই ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ জুবায়ের মোটর সাইকেল হস্তান্তর করেন। এ সময় ক্যাপ্টেন এস এ হাসনাত, প্রাতাপাড়ার প্রধান পারকেল বম, পাড়াবাসী এবং অন্যান্য সেনাসদস্য উপস্থিত ছিলেন।

বমরা জানান, গত ২০২৩ সালের পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ’র সদস্যরা দেশের নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সদস্যদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছিল। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ সেনাবাহিনী এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় আতঙ্কে এখানকার প্রায় ১৩টি গ্রামের বম পরিবারের সদস্যরা ভারতের মিজোরাম ও দেশের বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। তখন সন্দেহজনক বিভিন্ন গাড়ি ও মোটর সাইকেল জব্দ করে সেনাবাহিনী। গত ২ মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা ও নিরাপত্তায় বম পরিবারগুলো নিজ পাড়ায় ফিরে আসতে শুরু করে।

মিজোরাম থেকে থানচির নিজ ভিটায় ফিরে আসা রোয়াল চম বমের পরিবার ২০ জুলাই রবিবার তাদের ব্যবহারকৃত ২টি মোটর সাইকেল বুঝে পান সেনাবাহিনীর কাছ থেকে। একই সাথে কিছু মানবিক সহায়তাও পান।

এ বিষয়ের রোয়াল চম বম পার্বত্যনিউজ’র এ প্রতিনিধিকে বলেন, আমি আতঙ্কে গতবছর  স্ত্রী-সন্তানকে নিয়ে ভারতের মিজোরামে পালিয়ে গিয়েছিলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরে এসেছি। আমার ব্যবহারকৃত মোটরসাইকেল সেনাবাহিনীর জিম্মায় ছিলো। যা এখন বুঝে পেলাম। আমি বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে নিজ গৃহে বেশ ভালোই আছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।

প্রাতাপাড়ার পাড়া প্রধান পারকেল বম জানান, আমাদের গ্রামে প্রায় ৪৫টি পরিবারের বসবাস ছিলো। যারা বিভিন্ন জায়গায় পালিয়ে গিয়েছিল। যাওয়ার সময় তাদের রেখে যাওয়া মোটরসাইকেল সেনাবাহিনীর কাছ থেকে ফেরত পাচ্ছে। সেনাবাহিনী আমাদেরকে আশ্বাস দিয়েছে যাদের মোটর সাইকেল এখনও ফেরত পায়নি তাদের সবাইকে পর্যায়ক্রমে কাগজপত্র যাছাই করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের গ্রামে পালিয়ে যাওয়া পরিবারগুলোকে পূর্ণ নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। আমরা সেনাবাহিনীর এমন সহায়তার জন্য কৃতজ্ঞ।

এ প্রসঙ্গে বাকলাই পাড়া সাব জোনের ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ জুবায়ের সাংবাদিকদের বলেন, আমরা পর্যায়ক্রমে সবার মোটর সাইকেল হস্তান্তর করব। যাদের বৈধ কাগজপত্র আছে, তারা প্রত্যেকেই তাদের মোটর সাইকেল পাবেন। পাহাড়ের জননিরাপত্তা, আত্মসামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের এ ধারা বজায় রাখার জন্য আমাদের এ নিরলস প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে। বাকলাই পাড়া সাব জোনের অর্ন্তগত সকল পাড়া ও সকল সম্প্রদায়ের জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন