‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চাকমা রানি ইয়ান ইয়ানকে সতর্ক করে চিঠি

fec-image

পার্বত্য চট্টগ্রামের অধিকারকর্মী ও চাকমা রানি ইয়ান ইয়ানের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক পর্যায়ে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর’ অভিযোগ তুলে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে তাকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।

গত ৬ এপ্রিল রাঙ্গামাটির জেলা প্রশাসক (ডিসি) নাজমা আশরাফী রানি ইয়ান ইয়ানকে এই চিঠি পাঠান।

রাঙ্গামাটি জেলা প্রশাসক থেকে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়, রানি ইয়ান ইয়ানের কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসকের পাঠানো চিঠির বিষয়বস্তুতে উল্লেখ করা হয়, বক্তব্য দেওয়া ও কার্যক্রম পরিচালনার সময় দেশের আইনকানুন সঠিকভাবে মেনে চলার বিষয়ে সতর্ক করতে এই চিঠি দেওয়া হয়েছে।

ডিসি নাজমা আশরাফী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর নির্দেশেই তিনি এই চিঠি পাঠিয়েছেন, চিঠির রেফারেন্সে যার উল্লেখ রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখাটি তদারকির দায়িত্বে থাকা  উপসচিব কে এম ইয়াসির আরাফাত গণমাধ্যমকে  জানান, চিঠিতে যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, মূলত সেগুলোর ভিত্তিতেই রাঙ্গামাটির ডিসিকে এই চিঠি পাঠাতে বলা হয়েছিল।

চিঠিতে বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে, ইয়ান ইয়ান পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পাহাড়ি সংগঠনের সদস্যদের একত্র করে প্রোপাগান্ডা ছড়ানোয় জড়িত। এ ছাড়া তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গেও জড়িত বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘যেহেতু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, তাই এই ধরনের কার্যকলাপ এ অঞ্চলের পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। এই পরিস্থিতিতে, ভবিষ্যতে এ ধরনের কোনো বক্তব্য দেওয়ার বা কার্যক্রম পরিচালনার সময় দেশের প্রচলিত আইনকানুন কঠোরভাবে অনুসরণ করে সতর্কতা অবলম্বন করার জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে।’

এদিকে গতকাল শনিবার ইয়ান ইয়ান তার আইনজীবী সারা হোসেনের মাধ্যমে এই চিঠির লিখিত জবাব দিয়ে তিনি বলেছেন, তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার যে অভিযোগ উঠেছে, তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’। তিনি এসব অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং একই সঙ্গে চিঠিটি অবিলম্বে প্রত্যাহার বা বাতিলের আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, অধিকারকর্মী ইয়ান ইয়ান চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায় ওয়াংজার স্ত্রী।

উৎস: দ্য ডেইলি স্টার অনলাইন (সোমবার ২৭ এপ্রিল)

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য, পার্বত্য চট্টগ্রাম, রানী ইয়ান ইয়ান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন