‘তোরা সব বাঙালি হয়ে যা’ বলার পর থেকেই পার্বত্যাঞ্চলে সমস্যার শুরু : আলতাফ হোসেন চৌধুরী


পাহাড়িদের ‘তোরা সব বাঙালি হয়ে যা’ বলার পর থেকেই পার্বত্যাঞ্চলে সমস্যার শুরু হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বাণিজ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত ‘সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম : শান্তির অন্বেষণ’ শীর্ষক মুক্ত আলোচনা গত ৮ অক্টোবর তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর ১৯৭২ সালে যখন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে পার্বত্য প্রতিনিধিদল কিছু দাবি নিয়ে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন ‘তোরা সব বাঙালি হয়ে যা’। পাহাড়িদের বাঙালি হয়ে যা বলার পর থেকেই পার্বত্যাঞ্চলে সমস্যার শুরু হয়েছিল। আর এই সমস্যা সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে পলিসি দিয়েছেন, সেটিই ছিল সর্বাপেক্ষা সঠিক পলিসি।’
তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্বত্য পলিসি নিয়ে আলতাফ হোসেন চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে বিস্তারিত আলোচনা করেননি।
‘৪৪তম শাহাদাতবার্ষিকী স্মরণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও পার্বত্য চট্টগ্রাম’ শীর্ষক প্রবন্ধের উপসংহারে পার্বত্য গবেষক ও সাংবাদিক মেহেদী হাসান পলাশ উল্লেখ করেন, ১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্য চুক্তির বীজ বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মোট কথা, পার্বত্য চট্টগ্রাম আজও যে বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড হিসাবে বিরাজমান, তার প্রধান কারণ জিয়াউর রহমানের নেয়া কিছু যুগান্তকারী উদ্যোগ।
জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর মানবেন্দ্র নারায়ণ লারমা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন এবং পাহাড়িদের অসন্তোষ উত্থাপন করে তা সমাধানের দাবী জানান। বঙ্গবন্ধু মানবেন্দ্র লারমাকে বাঙালি হয়ে যাবার কথা বলেন।
১৯৮৬ সালে প্রকাশিত সুবীর ভৌমিকের ‘ইনসার্জেন্ট ক্রোসফায়ার : নর্থ-ইস্ট ইন্ডিয়া’ বইয়ে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অজানা তথ্য উঠে এসেছে। বইয়ে উল্লেখ রয়েছে যে, ১৯৭২ সালে পার্বত্য নেতাদের সাক্ষাতে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘All people of Bangaldesh are Bengalis, you have no reason to deny this reality. So forget about self-governance, go home and become Bengalis.’

















