মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে বিশাল লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ


পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১৪ টেস্ট সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেলন তিনি। মুশফিকের সেঞ্চুরিতে ভর করে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৯০ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। এখন সফরকারী পাকিস্তানকে জিততে করতে হবে ৪৩৭ রান। টেস্টের চতুর্থ ইনিংসে এই বিশাল টার্গেট তাড়া করে জেতা মোটেও সহজ নয়।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান করে স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।
বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে গতকাল রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১০ রান।
আজ সোমবার ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৮০ রান। আজ দিনের শুরুতে ব্যাট করতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২৩৩ বল মোকাবেলা করে ১২টি চার আর এক ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ১৩৭ রান করেন মুশফিকুর রহিম।

















