রাঙামাটিতে আটক ভুয়া সেনা কর্মকর্তা গুপ্তচর বৃত্তির সাথে জড়িত সন্দেহ নিরাপত্তা বাহিনীর
শুক্রবার চট্টগ্রামে বিভাস দেওয়ানের ভাড়া বাড়ি থেকে আরো চার চাকমা যুবক আটক। তাদের সহ মোট ১৬ জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ
স্টাফ রিপোর্টার:
রাঙামাটির বরকলে আটক সেনা কর্মকর্তা পরিচয় দানকারী বিভাস দেওয়ান গুপ্তচর বৃত্তির সাথে জড়িত পার্বত্য চট্টগ্রামে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা ও সেনা-বিজিবি অবস্থানগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ তার প্রাথমিক লক্ষ্য ছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বিভাসের কাছে প্রাপ্ত মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ ও অন্যান্য দ্রব্য পরীক্ষা করে তদন্তকারী সংস্থাগুলো এমন ধারণা করছেন। এসকল দ্রব্য অধিকতর পরীক্ষার জন্য ঢাকা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বিভাসের কাছে প্রাপ্ত মোবাইল ও সিমগুলোর কল লিস্ট পরীক্ষা করে তার সাথে যোগাযোগকারী ব্যক্তিদের সনাক্ত করা হবে বলে জানা গেছে।
আরো পড়ুন
অন্তর্ঘাতমূলক কাজে জড়িত সন্দেহে বরকল বিজিবি ক্যাম্প থেকে ৩ ভিক্ষু ও ভুয়া সেনাকর্মকর্তাসহ ১২ জন আটক
এছাড়াও জিজ্ঞাসাবাদে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে শনিবার সকালে আরও চারজনকে আটক করে বরকল থানা পুলিশে হস্তান্তর করে চট্টগ্রামের র্যাব-৭। র্যাব-৭ এর মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ চারজনকে আটক করা হয় বলে জানায় বরকল থানা পুলিশ। আটক চারজন হলেন- বাঘাইছড়ির সারোয়াতলীর বাসিন্দা আনন্দ কুমার চাকমার ছেলে রিটেন চাকমা (২২), রাঙ্গাপানি ছড়ার বাসিন্দা বিন্দু কুমার চাকমার ছেলে জ্ঞান লাল চাকমা (২১), কুমিড় আরবছড়ার বাসিন্দা নিহার কান্তি চাকমার ছেলে স্মৃতি বিকাশ চাকমা (২৬) ও চুড়াখালীর বাসিন্দা অজিত চাকমার ছেলে সোহেল চাকমা (২২)।
এদিকে শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে সরকারি গোপন আইন ১৯২৩ এর ৬ এর ১ (ক)/৯ তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর ১ (ক) ধারায় একটি মামলা (নম্বর-০৩, তারিখ-১১/০৩/২০১৬) করে বরকল থানা পুলিশ। মামলায় শনিবার বিকালে বরকলে আটক ১২জন এবং চট্টগ্রাম থেকে আটক ৪জনসহ মোট ১৬ জনকে রাঙামাটি আদালতে হাজির করে বরকল থানা পুলিশ। এর আগে কড়া নিরাপত্তায় বিভাস দেওয়ানসহ আটককৃত ১২ পাহাড়ী যুবককে বরকল থেকে রাঙামাটিতে নিয়ে আসা হয়
রাঙামাটি কোর্ট পুলিশ পরিদর্শক মো. খালেদ হোসেন বলেন, ভুয়া সেনা কর্মকর্তাসহ আটককৃতদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে আজ (রোববার) শুনানির দিন ধার্য্য করে আসামিদের আদালতে হাজির করা আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এসময় পুলিশ আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সরকারী গোপন আইনে ৫ দিনের রিমান্ডের আবেদন করে। তবে রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রিমান্ড না দিয়ে রবিবার মামলার পরবর্তী দিন নির্ধারণ করে অভিযুক্তদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
রাঙামাটির পুলিশ সুপার সাইদ তারিকুল হাসান পার্বত্যনিউজকে জানান, অভিযুক্তদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে। বরিবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করে তার আসল তথ্য জানা যাবে।
বরকল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ুয়া জানান, বিভাষ দেওয়ান নিজেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেয়াসহ তাদের বিরুদ্ধে বিভন্ন অপরাধে মামলা হয়েছে। বিভাষ নিজের দোষ স্বীকার করেছে। তার দেয়া তথ্যমতে চট্টগ্রাম র্যাব ৭ আরও ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, গত বৃহষ্পতিবার বেলা ১২টার দিকে রাঙামাটিতে বরকল উপজেলায় বিভাস দেওয়ানের নেতৃত্বে ১২জনের একটি গ্রুপ বিজিবি ক্যাম্পে যায়। তাদের মধ্যে বিভাস দেওয়ান নিজেকে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পরিচয় দিলে বিজিবি তাদের আপ্যায়ন করে। তার সফর সঙ্গী ছিল রাঙামাটি রাজবন বিহারের ৩ভিক্ষুসহ আরও কয়েকজন। তবে ভুয়া সেনা কর্মকর্তার আচার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হলে তারা বরকলের বিজিবি জোনে খবর দেন। তাছাড়া বরকল সদরের বিজিবি চেকপোস্ট এলাকাটি তারা বিচ্ছিন্নভাবে পার হচ্ছিলেন। এতে বিজিবির আরো সন্দেহ বাড়ে যায়। পরে তাদের আটক করে বিজিবির সদস্যরা।



















